চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে লিভারপুলের কোচ আর্নে স্লট নেন বেশ কিছু সাহসী সিদ্ধান্ত—বিশেষ করে টানা চার ম্যাচে পরাজয়ের পর।
ফর্মে না থাকা এবং জয়ের খোঁজে মরিয়া লিভারপুলের হয়ে স্লট এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তার মূল তারকা মোহাম্মদ সালাহকে বেঞ্চে রাখার, পাশাপাশি দলীয় কৌশলেও আনেন পরিবর্তন।
সবচেয়ে নজরকাড়া পরিবর্তন ছিল ব্রিটিশ রেকর্ডমূল্যে দলে আসা আলেকজান্ডার ইসাককে প্রথমবারের মতো দুর্দান্ত ফর্মে থাকা হুগো একিটিকের সঙ্গে জুটি গঠন করানো।
শেষ পর্যন্ত সেই ঝুঁকির ফল মেলে দারুণভাবে—লিভারপুল বিধ্বংসী ফুটবল উপহার দিয়ে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয়। একিটিকে গোলও করেন, যে ক্লাবটি ছেড়ে তিনি গ্রীষ্মে লিভারপুলে যোগ দেন।
তবে এই জয়ের সঙ্গে এসেছিল এক দুঃসংবাদও—ইসাক চোট পাওয়ার কারণে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেননি।
“তাকে বিরতির পর নামানো হয়নি কারণ সে কুঁচকিতে অস্বস্তি অনুভব করেছিল,” ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে জানান স্লট।
“এটা সত্যিই হতাশার, কারণ এমন একজন খেলোয়াড়ের ক্ষেত্রে ভারসাম্য রাখা কঠিন, যে তিন মাস ধরে মাঠের বাইরে ছিল।
“তাকে ধীরে ধীরে খেলাতে হয়, কিন্তু অনেকে বলে ‘আরও বেশি সময় দেওয়া উচিত’। আমরা তাকে তিন দিনের ব্যবধানে দ্বিতীয় ম্যাচে খেলালাম, আর দুর্ভাগ্যজনকভাবে তাকে বিরতিতেই নামিয়ে নিতে হলো।
“আশা করছি, বিষয়টি গুরুতর নয়।”
তবে এটিই একমাত্র ইনজুরির খবর নয়। ডানপাশের রক্ষণভাগের খেলোয়াড় জেরেমি ফ্রিমপং প্রথমার্ধেই হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়েন। স্লট জানিয়েছেন, তিনি কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন।
টিএসএন
