কোহলি-রোহিত ফেরার পরও সিরিজ হারল ভারত

ওয়ানডেতে ভারতের নতুন অধিনায়ক শুভমান গিলের জন্য শুরুটা লজ্জাজনক হলো। পার্থের পর অ্যাডিলেডেও অস্ট্রেলিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল টিম ইন্ডিয়া। সিরিজের আগে ওয়ানডে অধিনায়ক বদল, বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তন—এসব নিয়েই ক্রিকেট বিশ্বে ছিল যথেষ্ট চাঞ্চল্য। কিন্তু মাঠে ভারতীয় দলের হতাশাজনক পারফরম্যান্স সব আলোকে পিছনে ফেলল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটে হারের মুখ দেখল ভারত। প্রথমে ব্যাট করে ২৬৪ রান সংগ্রহ করলেও, ম্যাথিউ শর্টের দায়িত্বশীল ৭৪ রানের ইনিংসের কারণে অস্ট্রেলিয়া মাত্র ২২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে।

ভেজা পিচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতা ফের স্পষ্ট হলো। মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডের দ্রুত গতির বোলিংয়ের সামনে শুরুতেই হাবুডুবু খায় ভারত। নতুন অধিনায়ক শুভমান গিল মাত্র ৯ রানে আউট হন। আর বিরাট কোহলি টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরায় ভক্তদের হতাশ করেন।

তবে রোহিত শর্মা (৯৭ বল, ৭৩ রান) এবং শ্রেয়স আইয়ার (৭৭ বল, ৬১ রান) তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে কিছুটা রক্ষা করেন। পাঁচ নম্বরে নেমে অক্ষর প্যাটেলও ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষে হর্ষিত রানা ও অর্শদীপ সিং নবম উইকেটে ৩৭ রান যোগ করে ভারতের সংগ্রহ ২৬৪ রান পর্যন্ত নিয়ে যান।

রান তাড়া করতে নেমে শুরুতে অস্ট্রেলিয়াও ধাক্কা খায়। মাত্র ৫৪ রানের মধ্যে মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড আউট হলে অজিরা কিছুটা সমস্যায় পড়ে। তবে এরপর ম্যাথিউ শর্টের ৭৪ রানের ইনিংস অজিদের জয়ের ভিত্তি গড়ে দেয়। ম্যাট রেনশ ও কুপার কনোলিদের ছোট ছোট কার্যকর ইনিংসের সাহায্যে অস্ট্রেলিয়া সহজে জয় নিশ্চিত করে।

পার্থের পর অ্যাডিলেডেও হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারলো ভারত। দুই দলের আগামী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৫ অক্টোবর) সিডনিতে।