ভারতের সাবেক স্পিনার দায়িত্ব নিলেন পাঞ্জাব কিংসের

আসন্ন আইপিএল মৌসুমকে সামনে রেখে পাঞ্জাব কিংস তাদের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের সাবেক ক্রিকেটার সাইরাজ বাহুতুলেকে। তিনি এই পদে দায়িত্ব নিচ্ছেন সুনীল জোশির পরিবর্তে।

বাহুতুলে এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে কেরালা, গুজরাট, বিদর্ভ ও বেঙ্গলসহ একাধিক দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

ভারতের হয়ে দুইটি টেস্ট ও আটটি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই সাবেক লেগ স্পিনার। পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত হতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

“আইপিএলের নতুন মৌসুমে পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত। এটি এমন একটি দল যারা উদ্যমী ও ভিন্নধর্মী ক্রিকেট খেলে। এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে—তাদের সঙ্গে কাজ করে তাদের দক্ষতা আরও বাড়াতে আমি মুখিয়ে আছি।”

টিএসএন