রিয়ালকে খোঁচা দিয়ে ইয়ামাল বললেন, ‘ওরা চুরি করে, অভিযোগ করে…’

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল আসন্ন এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদকে নিয়ে দিলেন এক মজার খোঁচা। লা লিগায় রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

কিংস লিগের টুইচ প্রোগ্রামে ইবাই লানোসের সঙ্গে আড্ডায় বসেছিলেন ইয়ামাল। সেখানেই তিনি ইবাইয়ের দলের সঙ্গে রিয়ালের তুলনা টেনে বলেন, ‘ওরা চুরি করে, অভিযোগ করে…।’

ইয়ামালের মুখে এমন মন্তব্য শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন।

ইবাই এরপর মজা করে জিজ্ঞেস করেন, ‘বার্নাব্যুতে এবার কি গোল করবে?’

জবাবে ১৭ বছর বয়সী বার্সা ফরোয়ার্ড পাল্টা প্রশ্ন করেন, ‘গত মৌসুমটা মনে নেই?’

আলোচনায় হঠাৎ যোগ দেন সাবেক বার্সা অধিনায়ক জেরার্ড পিকে। তিনি জানতে চান, ইয়ামালের প্রথম সিনিয়র ট্রেনিং সেশনের অভিজ্ঞতা কেমন ছিল।

হেসে ইয়ামাল বলেন, ‘ওটা আমার প্রথম ট্রেনিং ছিল। বলটা নিয়ে সবাইকে কাটিয়ে গেলাম। বল হারাইনি একবারও। দ্বিতীয়ার্ধে দুইটা গোলও করি। এরপর তো সব ঠিকঠাকই চলল!’